এ কেমন শত্রুতা! পাংশায় পুকুরে বিষ প্রয়োগ করে ৮ লক্ষ টাকার মাছ ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় পুকুরে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষ প্রয়োগ করেছে। এতে ৮ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মরে ক্ষতি হয়েছে। একই সাথে পুকুর পাড়ে থাকা অসংখ্য কলা গাছ কর্তন করে ফেলে রেখেছে।
বুধবার সকালে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামের দরিদ্র আব্দুস সালামের লীজ নেওয়া পুকুরে মাছ মরে ভেসে উঠলে ক্ষতির বিষয়টি টের পান।
দরিদ্র কৃষক আব্দুস সালাম বলেন, বুধবার সকালে পুকুর পাড়ে গিয়ে মাছ মরে ভাসতে দেখি। সেই সাথে পুকুর পাড়ে বিষের বোতল পাই। মাছ মরে দুগন্ধ ছড়িয়েছে পড়ায় স্থানীয় কৃষকরা বিষয়টি বুঝতে পারেন।
তিনি বলেন, দেড় লক্ষ টাকা লীজ মূলে এক বছরের জন্য পুকুরটি নিয়ে মাছ চাষ শুরু করেছিলাম। মাছ চাষ করতে গিয়ে ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে সাড়ে চার লক্ষ টাকা ঋন করেছি। এখন আমি সর্বশান্ত। বিগত দুই মাস আগে ঋণের টাকা দিয়ে ৪০ মন বিভিন্ন প্রজাতির মাছের পোনা দেওয়া হয়। মাছ বিষ দিয়ে মারার পাশাপাশি আমার ধরনতো শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আমি এখন নিঃস্ব, আমি এখন কোথায় যাবো, ছেলে মেয়েকে কিভাবে মানুষ করব, জীবিকার একমাত্র পথ মাছ চাষ সেটাকে ধ্বংস করে, আমাকে নি:স্ব করে ফেলেছে। আমি এ বিচার চাইবো কার কাছে।
সরেজমিনে গিয়ে দেখাযায়, বিশাল পুকুরের চার পাশে মাছ মরে ভেসে রয়েছে। সেই সাথে পুকুর পাড়ের কলাগাছ গুলো কেটে ফেলা হয়েছে। স্থানীয়রা এ ঘটনাটির প্রকৃত কারণ এবং দোষীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছের ক্ষতি সাধণের বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।