সড়কের দুর্ভোগ কমাতে ডহর পাঁচুরিয়ায় সংস্কারকাজ স্থানীয়দের চলাচলে স্বস্তির প্রত্যাশা

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

 

মোঃ আমিরুল হক :

বর্ষা এলেই কাদামাটি, খানাখন্দ আর চলাচলের দুর্ভোগ গ্রামীণ সড়কের এমন চিত্র অনেক এলাকার মানুষের নিত্যদিনের বাস্তবতা। একটি সড়ক ভালো না থাকলে শুধু পথ চলাই নয়, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতসহ নানা ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের।

এমন বাস্তবতায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডহর পাঁচুরিয়া সড়কের ক্ষতিগ্রস্ত অংশে সংস্কারকাজ শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত থাকায় এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের খানাখন্দ ও নরম মাটির কারণে পথচারী ও যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয়। স্থানীয়দের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে ক্ষতিগ্রস্ত অংশে ইটের খোয়া ফেলে সংস্কারকাজ শুরু করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ডহর পাঁচুরিয়া এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইটের খোয়া ফেলা হচ্ছে। শ্রমিকরা খোয়া ছড়িয়ে সড়কের নিচু ও ভাঙা অংশ সমান করার কাজ করছেন। এ সময় সংস্কারকাজের অগ্রগতি তদারকি করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি এলাকার মানুষের দৈনন্দিন চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকায় তাদের দুর্ভোগ হচ্ছিল। সংস্কারকাজ শেষ হলে চলাচলে কিছুটা স্বস্তি ফিরবে বলে তারা আশা করছেন।

এ সংস্কারকাজে উদ্যোগী হয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রুবেল মাহমুদ সুমন। তিনি বলেন, “গণমানুষের মুখে হাসি ফোটানোই আমাদের রাজনীতি। নিজ সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থেকে কাজ করছি। এলাকার মানুষের প্রয়োজন ও দুর্ভোগ বিবেচনায় নিয়ে সামর্থ্য অনুযায়ী এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।”

স্থানীয়দের প্রত্যাশা, শুধু সাময়িক সংস্কার নয়, সড়কটির প্রয়োজনীয় স্থায়ী উন্নয়ন করা হলে দীর্ঘমেয়াদে তাদের যাতায়াতের সমস্যা কমবে। পাশাপাশি সড়কটির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও টেকসই সংস্কারের উদ্যোগ নেওয়া হলে এলাকার মানুষের দৈনন্দিন চলাচল আরও সহজ হবে।

একটি ভালো সড়ক শুধু যোগাযোগের পথ নয় এটি একটি এলাকার মানুষের জীবনযাত্রা, শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িয়ে থাকে। তাই ডহর পাঁচুরিয়া সড়কের এই সংস্কারকাজ স্থানীয়দের কাছে স্বস্তির পাশাপাশি দীর্ঘমেয়াদি উন্নয়নের প্রত্যাশাও তৈরি করেছে।