রাজবাড়ীতে নিখোঁজের চার দিন পর কলেজ ছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

সোহেল রানা : রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর ফুয়াদ চৌধুরী রোহান (২১) নামে এক কলেজ ছাত্রের পেট কাঁটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফুয়াদ চৌধুরী রোহান রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রোকনউদ্দিন চৌধুরীর নাতি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সদরের দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরআগে গত সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩ টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।
জানাগেছে, গত সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩ টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফিরে আসেনি ফুয়াদ চৌধুরী রোহান। ওই দিন রাত থেকে তার ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। পরে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সহ সম্ভাব্য স্থানে যোগাযোগ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ জিডি করা হয়।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, রোহান তার মামাতো ভাই। গত সোমবার বাড়ী থেকে বের হয়ে বাড়ীতে ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেছেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ীর অদুরে রঘুনাথপুর এলাকায় পেট কাটা বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, সাড়ে ৫টার দিকে খবর পেয়ে এসে একটি বাগানের পাশের ডোবা থেকে রোহানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয় নিয়ে পুলিশ কাজ শুরু করেছে। আশা করছেন দ্রুত সময়ের মধ্যে এর কারণ উদঘাটন করতে পারবেন।