
সিরাজুল ইসলাম : মাছ শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন সবই নিষিদ্ধ সত্বেও রাজবাড়ীর গোয়ালন্দে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বাঘাইড় মাছ। পদ্মায় জেলের জালে ধরা পড়া ৩৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। যা বিক্রি হয়েছে ৭৯ হাজার ২শ টাকায়।
শনিবার দুপুরে পদ্মা যমুনার মোহনায় জেলে সেকেন হালদারের জালে মাছটি ধরা পড়ে বলে জানায় স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
জেলে সেকেন হালদারের বরাতে সম্রাট শাহজাহান শেখ বলেন, সকালে সেকেন হালদার তার দল নিয়ে পদ্মায় মাছ ধরতে যায়। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলে মাছের দেখা পান না। পরে দুপুরের দিকে পদ্মা যমুনার মোহনায় জাল ফেলেন তারা। সেখান থেকে জাল তুলতেই দেখা মেলে বিশাল আকৃত্রির বাঘাইড়। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে ওজন দিয়ে দেখেন মাছটি ৩৩ কেজি।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, মৎস্য আড়ত থেকে উন্মুক্ত নিলামে ২ হাজার ২শ টাকা কেজি দরে মোট ৭২ হাজার ৬শ টাকায় মাছটি কিনে নেই। পরে মুঠোফোনে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২হাজার ৪শ টাকা কেজি দরে মোট ৭৯ হাজার ২শ টাকায় বিক্রি করে দিই।
এদিকে বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বাঘাইড় একটি সংরক্ষিত ও মহাবিপন্ন প্রজাতির বন্যপ্রাণী। এ মাছ শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন সবই নিষিদ্ধ। আইনে রয়েছে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান।
