
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে সফর করেছেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির দিপ্তি। রবিবার (২০ সেপ্টেম্বর) তিনি রাজবাড়ী জেলায় আগমন করলে তাঁকে উষ্ণ ও আন্তরিক ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক এবং রাজবাড়ী জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালাম মিয়া কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে এই শুভেচ্ছা জানান।
ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃদ্বয়ের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজবাড়ী জেলায় জিয়া স্মৃতি পাঠাগারের চলমান কার্যক্রম, এর ভবিষ্যৎ উন্নয়ন এবং বই পড়ার আন্দোলনকে আরও বেগবান করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময়কালে কেন্দ্রীয় জিয়া স্মৃতি পাঠাগারের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, রয়েল সহ রাজবাড়ী জেলা জিয়া স্মৃতি পাঠাগার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
