বালিয়াকান্দিতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৪ দিন আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া বিলে দিনব্যাপী ডিঙি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে বিলের পাড় ও আশপাশের সড়কে নামে মানুষের ঢল।
শনিবার দুপুরে প্রতিযোগিতার উদ্বোধন করেন জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আয়নাল হক দেওয়ান। প্রতিযোগিতা দেখতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী কয়েক হাজার মানুষ ভিড় করেন। কেউ বিলের পাড়ে, আবার কেউ ছোট নৌকায় চড়ে প্রতিযোগিতা উপভোগ করেন। এতে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।
প্রতিযোগিতায় ১২টি ডিঙি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় মোঃ সাখাওয়াত হোসেনের নৌকা প্রথম স্থান, আবুক কাশেমের নৌকা দ্বিতীয় স্থান ও সুইট শেখের নৌকা তৃতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আজিজুল হক, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের বালিয়াকান্দি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আজাদ শেখ, সদস্য মোঃ সাহিদুল শেখ, জামালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওলিয়ার রহমান, আব্দুর রহিম শেখ ও হারুন শেখসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিঙি নৌকা বাইচ কমিটির সভাপতি মোঃ আলীবদ্দীন খাঁ বলেন, ‘সবাই বড় নৌকা নিয়ে বাইচের আয়োজন করেন। অনেক মানুষের আবদার ছিল ডিঙি নৌকা বাইচ আয়োজন করার। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আমরা এ আয়োজন করেছি। বাইচ দেখতে বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ এসেছেন। আমাদের আয়োজন সফল হয়েছে।’