
মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি নার্সারি থেকে আড়কান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত কাদায় ভরা সড়কে নিজ অর্থায়নে বালু ফেলার উদ্যোগ নিয়েছেন বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী রুবেল মাহমুদ সুমন।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আড়কান্দি নার্সারি থেকে আড়কান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে বালু ফেলার কাজ শুরু করা হয়।
দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে কাদা জমে থাকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির সময় সড়কটি আরও কাদাযুক্ত হয়ে পড়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তি বাড়ে।
স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে রুবেল মাহমুদ সুমন নিজ অর্থায়নে সড়কের কাদাযুক্ত অংশে বালু ফেলার উদ্যোগ নেন। এতে সড়কটি চলাচলের উপযোগী হবে এবং স্থানীয়দের সাময়িক দুর্ভোগ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। বৃষ্টির মৌসুমে কাদার কারণে সড়কটি ব্যবহার করতে তাদের নানা সমস্যায় পড়তে হয়। নিজ উদ্যোগে সড়কে বালু ফেলার কাজ করায় তারা রুবেল মাহমুদ সুমনকে ধন্যবাদ জানান।
রুবেল মাহমুদ সুমন বলেন, এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই নিজের সামর্থ্য অনুযায়ী সড়কের কাদাযুক্ত অংশে বালু ফেলার উদ্যোগ নিয়েছি। জনগণের চলাচলের সুবিধার্থে প্রয়োজন অনুযায়ী এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার চেষ্টা করব।
