রাজবাড়ীতে রাবেয়া বিগ বাজার ভাড়া নিয়ে কোটি টাকার প্রতারণা

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী শহরের অভিজাত সুপার শপ “রাবেয়া বিগ বাজার” ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনার নামে কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। এ নিয়ে রাবেয়া বিগ বাজারের পক্ষে প্রতিষ্ঠানটির অন্যতম স্বত্ত্বাধিকারী আজাদ মোল্লা অভিযুক্ত আইয়ুব আলীকে আইনী নোটিশ প্রেরণ করেছেন। অইয়ুব আলীর পিতার নাম সরাফত আলী এবং বাড়ী রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বানিবহ গ্রামে।
জানা গেছে, রাজবাড়ী শহরের প্রধান সড়কের পাশে আব্দুর রাজ্জাক লিটন সহ অন্যান্যদের তত্ত্বাবধানে রাবেয়া বিগ বাজার ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। মাঝপথে ব্যবসা পরিচালনা ছেড়ে দিয়ে প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা ভাড়া দেওয়ার ঘোষণা দিলে গত বছর প্রবাসী আইয়ুব আলী ওই প্রতিষ্ঠানটি ভাড়া নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ নিয়ে রাবেয়া বিগ বাজার কর্তৃপক্ষের সাথে প্রবাসী আইয়ুব আলী ২০২৫ সালের ২৩ নভেম্বর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে রাবেয়া বিগ বাজারে ২ কোটি টাকার পণ্য সংরক্ষিত রয়েছে বলে উল্লেখ করা হয়।
অভিযোগ পাওয়া গেছে, অভিযুক্ত আইয়ুব আলী ওই চুক্তি মোতাবেক রাবেয়া বিগ বাজার কর্তৃপক্ষকে ১ কোটি টাকার একটি চেক প্রদান করেন। চেকটি আইয়ুব আলীর ব্যবসা প্রতিষ্ঠান আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানী লিঃ নামীয় সিটি ব্যাংকের অনলাইন হিসাবের। চুক্তি মোতাবেক চেকটি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী কার্যকারিতা শুরুর কথা উল্লেখ থাকে।
রাবেয়া বিগ বাজার কর্তৃপক্ষ ওই চেক নগদায়নের জন্য ডাচ বাংলা ব্যাংক লিঃ রাজবাড়ী শাখা অনলাইন হিসাবে জমা প্রদান করলে ব্যাংক কর্তৃপক্ষ হিসাবে টাকা না থাকায় এবং স্বাক্ষরের সঙ্গে আইয়ুব আলীর ব্যবসায়িক প্রতিষ্ঠনের সিল না থাকায় মিসিং কর্পোরেট স্ট্যাম্প লিখে চেকখানা ডিজঅনার করেন।
রাবেয়া কর্তৃপক্ষের অভিযোগ, আইয়ুব আলী প্রতারণার আশ্রয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সিল না মেরে অর্থাৎ কর্পোরেট স্ট্যাম্প সিল না মেরে চেকে স্বাক্ষর ও লিখিত পড়িত করে প্রদান করেন। যাহা শঠতা ও প্রতারণা পর্যায়ে পরে। এ অবস্থায় আইনী পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. কে এ বারী মারফত অভিযুক্ত আইয়ুব আলী বরাবর একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।
এদিকে অভিযুক্ত আইয়ুব আলীর সাথে যোগাযোগের জন্য তার হোয়াটসঅ্যাপ নম্বরে বেশ কয়েকবার কল দিয়েও যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। উল্লেখ্য বর্তমানে রাবেয়া বিগ বাজারের নাম পরিবর্তন করে আইয়ুব হিলটপ নামে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।