দৌলতদিয়ায় জেলের জালে ৩৩ কেজির ধরা নিষিদ্ধ বাঘাইড় : প্রকাশ্যে বিক্রি ৫৬ হাজার টাকায়

লেখক:
প্রকাশ: ২ দিন আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে জেলের জালে ৩৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি প্রকাশ্য নিলামে ৫২ হাজার ৮০০ টাকায় কেনেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী। পরে মাছটি ৫৬ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়।
মঙ্গলবার দুপুরে স্থানীয় জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় প্রকাশ্য নিলামে মাছটি বিক্রি করা হয়।
দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মোঃ চাঁন্দু মোল্লা বলেন, মঙ্গলবার সকালে সোনাই হালদারসহ স্থানীয় জেলেরা পদ্মা নদীতে মাছ ধরতে যান। দুপুর একটা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে জাল ফেলেও তাঁরা কোনো মাছ পাননি। পরে দুপুরের দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে জালে ৩৩ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে।
চাঁন্দু মোল্লা বলেন, পরে ফেরিঘাট এলাকায় প্রকাশ্য নিলামে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে তিনি মাছটি কিনে নেন। ৩৩ কেজি মাছের দাম পড়ে ৫২ হাজার ৮০০ টাকা। পরে মুঠোফোনের মাধ্যমে গোপালগঞ্জের এক ব্যক্তির কাছে মাছটি ৫৬ হাজার ১০০ টাকায় বিক্রি করেন তিনি।
বাঘাইড় মাছ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ২ নম্বর তপশিলভুক্ত সংরক্ষিত বন্যপ্রাণী। এ মাছটি ধরা, বিক্রয়, পরিবহন নিষিদ্ধ।