
মোঃ আমিরুল হক : ‘মাদক ছাড়ি মাঠে আসি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে মাদকবিরোধী ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে ইসলামপুর ইউনিয়নের বাড়াদী (বহরপুর) রেলওয়ে ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ব্যতিক্রমী এ আয়োজনে স্থানীয় বিবাহিত ফুটবল একাদশ ও অবিবাহিত ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়। খেলা দেখতে মাঠে জড়ো হন এলাকার বিভিন্ন বয়সী মানুষ। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাটি পরিচালনা করেন, রেফারী মিঠুন।
আয়োজকরা জানান, বর্তমানে এলাকার অনেক তরুণ ও যুবক নানা ধরনের মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। এতে পরিবার ও সমাজে নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এবং তাদের খেলাধুলামুখী করে তুলতেই ব্যতিক্রমী এই আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টের আয়োজক মোঃ শাকিব মোল্লা, আবির মোল্লা, নজরুল ইসলাম, সুজন মল্লিক, আব্দুল হালিম মল্লিক ও নাঈম হোসেন বলেন, ‘আমাদের এলাকার যুবসমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এটি শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, এর প্রভাব পরিবার ও পুরো সমাজের ওপর পড়ে। তাই যুবকদের নেশার পথ থেকে ফিরিয়ে মাঠে আনতে আমাদের এই ছোট্ট উদ্যোগ।’
তারা আরও বলেন, ‘খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে। মাঠে নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি করা গেলে তরুণরা মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। আমরা চাই এলাকার প্রতিটি তরুণ নেশা ছেড়ে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হোক। যুবসমাজ যদি মাদকের পথ ছেড়ে মাঠে ফিরে আসে, তাহলেই আমাদের এই আয়োজন সার্থক হবে।’
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এলাকার যুবসমাজকে নিয়ে এ ধরনের মাদকবিরোধী ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। তাদের প্রত্যাশা, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি হবে এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে। ৯০ মিনিটের খেলা ১-০ গোলে বিবাহিত ফুটবল একাদশকে পরাজিত করে অবিবাহিত ফুটবল একাদশ বিজয় অর্জন করেন।
