পদ্মার তীব্র স্রোতে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে দুইদিন ধরে ফেরি চলাচল বন্ধ

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে আবারও দুইদিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ধাওয়াপাড়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) রবিউল ইসলাম।
তিনি বলেন, নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে নিরাপত্তা নিশ্চিতে সোমবার দুপুর পৌনে ২ টা থেকে সাময়িকভাবে ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে।
এর আগে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে তীব্র স্রোতের কারণে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। টানা ১৬ দিন পর গত ২২ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে পুনরায় চালু হয়। দীর্ঘদিন ফেরি বন্ধ থাকায় রাজবাড়ী ও পাবনার মধ্যে যাতায়াতকারী যাত্রী ও যানবাহনকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হয়। এতে সময় ও খরচ দুটোই বাড়িয়ে দেয়।
স্থানীয়দের অভিযোগ, এ নৌরুটে দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত ফেরি নেই। বর্তমানে নিম্নমানের একটি মাত্র ফেরি দিয়ে কোনোমতে যানবাহন পারাপার করা হয়। আর এ সুযোগে নৌকা ও স্পিডবোড ইচ্ছামতো হাতিয়ে নেয় অতিরিক্ত ভাড়া। আবারও ফেরি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ প্রকাশ পেয়েছে।
ধাওয়াপাড়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) রবিউল ইসলাম বলেন, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌরুটে হঠাৎ উজান থেকে প্রবল বেগে পানি নেমে আসায় অত্যধিক স্রোতের কারণে সোমবার (০৫ অক্টোবর) দুপুর ১:৪০ থেকে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ আছে। চলাচল উপযোগী হলে আবার চালু করা হবে।