রাজবাড়ীতে এক লক্ষ মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ ॥ জেলে আটক

লেখক:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

মেহেদী হাসান : নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে এক জেলেকে আটক ও এক লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা।
শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার কলাবাগান-রাখালগাছি-অন্তার মোড় ও পিয়ার আলীর মোড় এলাকায় অভিযান চালায় নৌপুলিশ ও মৎস্য বিভাগ। এ সময় এক লক্ষ মিটার কারেন্ট জাল, ১৫ কেজি ইলিশ ও ইলিশ ধরার অপরাধে দুলাল সরদার নামে এক জেলেকে আটক করা হয়। আটককৃত দুলাল সরদার পাবনা জেলার আমীনপুর থানার ঢালারচর এলাকার বাসিন্দা ইয়াদ আলী সরদারের ছেলে।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, মা ইলিশ রক্ষায় নৌপুলিশ সদস্যরা প্রতিদিন অভিযান চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকালে আটককৃত জেলে দুলাল সরদারের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রদান করা হয়েছে। সেই সাথে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও মাছ ঘাট এলাকার অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
এদিকে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, গত এক সপ্তাহে ইলিশ রক্ষা অভিযান দুই লক্ষাধিক মিটার কারেন্ট জাল জব্দ, ১২ জেলেকে কারাদন্ড, ১২ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত মালামাল থেকে নিলামে ২১ হাজার টাকা আয় করা হয়েছে।