বালিয়াকান্দিতে কুপিয়ে ও পিটিয়ে ৪ জনকে জখম : থানায় অভিযোগ

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় হামলা চালিয়ে চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ উঠেছে।
গত ৩ অক্টোবর শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে বালিয়াকান্দি দাখিল মাদরাসার সামনে তালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শাহজাহান (৫০) বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, মুন্না (২১), জাহাঙ্গীর মিয়া (৫২), রাজু মিয়া (৩৮) ও কাজী আতিব (২৪)। তারা সবাই বালিয়াকান্দি চৌধুরীপাড়া ও মিয়াপাড়া এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী শাহজাহান বালিয়াকান্দি বাজারে ফার্মেসির ব্যবসা করেন। বিবাদীরা এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা করায় স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তারা এর প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা তাদের প্রতি শত্রুতা পোষণ করে আসছিল। ঘটনার দিন বিকেলে শাহজাহান, তার ছোট ভাই সাদ্দাম হোসেন (৩৭), প্রতিবেশী মোঃ ইদ্রিস বিশ্বাস (৩৮), মো. ওমর ফারুক (৪৫) ও মোঃ আসাদুজ্জামান (৬০) তালপট্টি এলাকার মাদরাসার সামনে অবস্থান করছিলেন। এ সময় বিবাদীরা দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, লোহার রড, হাতুড়ি ও ধারালো চাকু নিয়ে বেআইনিভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকালে মুন্না হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে মোঃ ইদ্রিস বিশ্বাসের মাথার বাম পাশে কোপ দিয়ে রক্তাক্ত জখম করেন। পরবর্তীতে রাজু মিয়া তাকে লোহার রড দিয়ে পিঠে ও ঘাড়ে বেধড়ক মারধর করেন। অন্যদিকে জাহাঙ্গীর মিয়া হাতুড়ি দিয়ে সাদ্দাম হোসেনের মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি সরে যান, তবে তার পিঠে ও কোমরে লেগে তিনি গুরুতর জখম হন। আহতদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সাদ্দাম হোসেন ও ইদ্রিস বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।