রুট পারমিট না থাকায় গোয়ালন্দে মোবাইল কোর্টে ৬ ট্রাক চালককে জরিমানা

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ভেজা বালু বহন করে রাস্তাঘাটে চলাচলের অযোগ্য করা এবং ৬ টি ট্রাকে রুট পারমিট না থাকায় ৪৮ হাজার টাকা জরিমানা করেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।
মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ মুনতাসির হাসান খান।
এর আগে গত মঙ্গলবার খোলা অবস্থায় মহাসড়কে ভেজা ও ত্রিপল ছাড়া বালু পরিবহন করার সময় ৬ টি ট্রাক জব্দ করে উপজেলা প্রশাসন। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন দণ্ডনীয়। এছাড়া এসমস্ত গাড়ির কারণে মহাসড়ক একদিকে যেমন নষ্ট হচ্ছে অন্যদিকে বেপরোয়া গতির কারণে দূর্ঘটনা বাড়ছে।
অভিযান পরিচালনাকালে রুট পারমিট ব্যতীত পাবলিক প্লেসে ট্রাক চালানোর দায়ে ৬ টি পরিবহনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৭৭ ধারা অনুযায়ী সর্বমোট ৪৮ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে দশ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ মুনতাসির হাসান খান বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলাধীন মহাসড়ক সংলগ্ন এলাকায় নিরাপদে যানবাহন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।