
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দে মাসব্যাপী নজরুল বর্ষের সমাপনী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী দর্শন নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন নাহার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোঃ নজির হোসেন মোল্লা, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মোঃ নাজিরুল ইসলাম তিতাসসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকেরা।
বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম মানুষকে অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে অনুপ্রাণিত করে। তাঁর লেখনীতে সাম্য, মানবতা, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনার যে প্রকাশ ঘটেছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
তাঁরা আরও বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম বিকশিত হয়। তাই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, সংগীত, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে।
বক্তারা নজরুলের জীবনাদর্শ ও সাহিত্যকর্ম থেকে শিক্ষা নিয়ে বৈষম্যহীন, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
