পাংশায় পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
শুক্রবার (৯ অক্টোবর) ভোর পৌনে ৬ টার দিকে পাংশা উপজেলার বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সিনিঃ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বলেন, অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমবাগান থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো সম্পূর্ণ অবিস্ফোরিত অবস্থায় ছিল।
তিনি আরও বলেন, উদ্ধার করা ককটেলগুলো ব্যবহার করে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে এসআরবির গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
এ ধরনের অপরাধের বিরুদ্ধে এসআরবি-১০ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।