
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হওয়ার পর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়া। সোমবার (১২ অক্টোবর) তিনি হাসপাতালটি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন ওয়ার্ডের রোগীদের শয্যাপাশে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসাসেবার মান ও হাসপাতাল থেকে ওষুধ পাওয়ার বিষয়ে বিস্তারিত অবগত হন। রোগীদের যেন সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের তাগিদ দেন। পাশাপাশি তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগসহ সার্বিক পরিবেশ এবং চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন। হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ২৫০ শয্যার নতুন অবকাঠামো অনুযায়ী সেবার মান আরও বাড়াতে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
