নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ২ দিন আগে

বাসস : জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চালু হওয়া ভ্রাম্যমাণ পরীক্ষাগার বা মোবাইল ল্যাবরেটরি ভ্যান সরজমিন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের প্রাক্কালে মন্ত্রিপরিষদ বিভাগের নিচতলায় রাখা পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় খাদ্যের নমুনা সংগ্রহ এবং তা পরীক্ষার পুরো প্রক্রিয়াটি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে দায়িত্বরত সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষাগারের সার্বিক কার্যক্রম সম্পর্কে তাঁকে বিস্তারিতভাবে অবগত করেন। তাঁরা জানান, ভেজালবিরোধী অভিযান আরও কঠোর ও গতিশীল করার অংশ হিসেবে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে খাদ্যের নমুনা পরীক্ষা ও জোরালো তদারকি চালানো হচ্ছে।
বর্তমানে দেশের আটটি প্রধান মহানগর এলাকায় এই ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের মান পরীক্ষা ও তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরবর্তীতে এই কার্যক্রমকে ক্রমান্বয়ে দেশের সব কটি অর্থাৎ ৬৪টি জেলায় ছড়িয়ে দেওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের।
কর্মকর্তারা আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সরাসরি নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এই কার্যক্রমগুলো বাস্তবায়িত হয়ে থাকে। তাছাড়া, চলতি ২০২৬-২৭ অর্থবছরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিশেষ প্রকল্পের আওতায় আরও ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগারবাহী গাড়ি সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।
খাদ্য নিরাপত্তা ও ভেজাল রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেও এসব গাড়িতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে গাড়ির বাইরে লাগানো ডিসপ্লে পর্দায় নিরাপদ খাদ্য সংক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক ভিডিও প্রচার করা হচ্ছে, যা সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করবে।
এদিন পরীক্ষাগার পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।