দূর্গা পূজা উপলক্ষে দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌ সচিব

লেখক:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : শারদীয় দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের দুর্ভোগমুক্ত ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ জাকারিয়া।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল চারটার দিকে ঘাট দুটির সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন তিনি। এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ঘাট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যাবস্থাপক সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অর্থ বিভাগের সদস্য ক্যাপ্টেন মোঃ মোয়াজ্জেম হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু জাফর মোহাম্মদ শাহনেওয়াজ কবির প্রমূখ।
‎এ সময় তিনি দৌলতদিয়া ফেরিঘাটের পল্টন গুলো ঠিকঠাক আছে কি না সেই বিষয়ে খোঁজ খবর নেন। প্রতিটি পল্টনে জরুরি ভিত্তিতে পানি সরবরাহ এবং ব্যারিকেট ঠিকমতো কাজ করছে কি না তার খোঁজ খবর নেন। লঞ্চ মালিকদের সাথে কথা বলেন। যাত্রীদের যাতে কোন রকম ভোগান্তি না হয় সে ব্যপারে কঠোর নির্দেশনা দেন লঞ্চ মালিকদেরকে। শারদীয় দুর্গাপূজায় যাত্রী সেবা নিশ্চিত করতে ঘাট সংশ্লিষ্ট সকরকে সজাগ থাকার নির্দশনা দেন তিনি।