
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এক বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করিম মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। গ্রেপ্তারকৃত করিম মন্ডল ঘোড়ামারা গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ মে বাক্ প্রতিবন্ধী নারী বাড়ির পাশের মাঠ থেকে ছাগল আনতে গেলে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এরপর থেকে বাক্ প্রতিবন্ধী নারী বেশ কিছুদিন ধরে অসুস্থ বোধ করছিলেন। ইশারা ভাষায় পরিবারের সদস্যদের পেটব্যথার কথা জানান তিনি। পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ওষুধ খাওয়ানো হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। একপর্যায়ে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবারের সদস্যরা তাকে রাজবাড়ীর পাংশা উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা করান। পরীক্ষায় তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা ইশারা ভাষায় ঘটনার বিষয়ে জানতে চাইলে বাক্ প্রতিবন্ধী নারী একই গ্রামের করিম মন্ডলকে ইঙ্গিত করেন।
এ ঘটনায় গত বৃহস্পতিবার পরিবারের সদস্যরা বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেন। পরে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত করিম মন্ডলকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জিল্লুর রহমান মোস্তফা বলেন, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার কথা স্বীকার করেছেন। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী নারীর সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
