
স্টাফ রিপোর্টার : স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর কার্যক্রমকে গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে রাজবাড়ীর ৬৬টি সমিতির মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আফরোজা পারভীন। অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল। এতে স্বাগত বক্তব্য দেন, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ীর উপ পরিচালক মো. আজমীর হোসেন। এ সময় এনজিওবিষয়ক নেত্রী শেহনাজ ইসলাম (জুলিয়া) উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর উপজেলার ৬১টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে সাধারণ অনুদান হিসেবে ১৪ লাখ ৬৬ হাজার ৯শ’ টাকা এবং বালিয়াকান্দি উপজেলার পাঁচটি সমিতির মধ্যে ১ লাখ ২১ হাজার ৪শ’ টাকার চেক হস্তান্তর করা হয়। এ নিয়ে মোট ৬৬টি সমিতির অনুকূলে ১৫ লাখ ৮৮ হাজার ৩শ’ টাকার চেক হস্তান্তর করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলায় বর্তমানে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সংখ্যা ২৪২টি। এরমধ্যে সক্রিয় সমিতি রয়েছে ১৯০টি। গত বছর জেলায় অনুদানের জন্য ১১৮টি সমিতির প্রস্তাব পাঠানো হয়। এরমধ্যে ১০৫টি সমিতির অনুকূলে ক, খ ও গ শ্রেণিতে সাধারণ অনুদান হিসেবে ২৫ লাখ ৩৯ হাজার ৬শ’ টাকার চেক পাওয়া গেছে।
এছাড়া দু’টি সমিতির জন্য ঘূর্ণায়মান অনুদান হিসেবে এক লাখ টাকা এবং ৬ টি সমিতির জন্য স্বেচ্ছাধীন অনুদান হিসেবে ২ লাখ ৮ হাজার ২শ’ টাকার চেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাছ থেকে গ্রহণ করা হয়েছে।
