
সিরাজুল ইসলাম : “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, যুব সমাবেশ ও আলোচনা সভা ও যুবকদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে চারজন যুবকের মাঝে ছয় লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়। সফল সংগঠক ও সফল আত্মকর্মীদেরকে ক্রেস্ট প্রধানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় যুব দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা।
গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। প্রশিক্ষণ, দক্ষতা অর্জন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবকদের নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে স্থানীয় প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
