দৌলতদিয়ায় মাদক-নারী নির্যাতন ও অপরাধ প্রবণতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

লেখক:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও বিভিন্ন ধরনের অপরাধপ্রবণতা প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে উঠান বৈঠক ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে দৌলতদিয়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডের সমন্বয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে এ উঠান বৈঠক ও সমাবেশের আয়োজন করা হয়।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নিজাম উদ্দিন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা বলেন, মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনের অন্যতম বড় বাধা। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে তোলে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও সামাজিক কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর রাখার পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বাল্যবিবাহ বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে এবং যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে পরিবার থেকেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ব্যবসা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটলে তা গোপন না রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন রেজা বলেন, অপরাধ দমনে পুলিশ সব সময় তৎপর রয়েছে। তবে অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধ করা জরুরি। এ ক্ষেত্রে জনগণের সচেতনতা, পারিবারিক শিক্ষা ও সামাজিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে উপজেলা আইসিটি কর্মকর্তা ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নিজাম উদ্দিন বলেন, মাদকের মতো অপরাধ দমনে শুধু পুলিশের উপর নির্ভর করলে হবে না। এখানে সামাজিক ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সমাবেশে বক্তারা সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।