বালিয়াকান্দিতে মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিয়েছে

লেখক:
প্রকাশ: ১ দিন আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে মাদক সেবন, বিক্রি ও জুয়ার আসর পরিচালনার অভিযোগে একটি টিনের ছাপরা ঘর ভেঙে দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। এর আগে শনিবার (৭ নভেম্বর) বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল ওই ঘরে অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমের নিজস্ব জায়গায় প্রায় এক থেকে দেড় বছর আগে টিনের ছাপরা ঘরটি নির্মাণ করা হয়। ঘরটির পাশেই রয়েছে তাঁর মুরগির খামার। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ঘরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন ও বিক্রির পাশাপাশি রাতের বেলায় জুয়ার আসর বসত। বিভিন্ন এলাকা থেকে কিশোর ও যুবকদের সেখানে যাতায়াত ছিল।
এলাকাবাসীর অভিযোগ, কয়েকজন কিশোর ও যুবক এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এসব অভিযোগে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছিল। পুলিশের অভিযান শেষে ক্ষুব্ধ এলাকাবাসী নিজেরাই ছাপরা ঘরটি ভেঙে দেন।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, একজন জনপ্রতিনিধির নিজস্ব জায়গায় এমন কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। জায়গার মালিক বিষয়টি আগে থেকে জানতেন কি না, সেটিও খতিয়ে দেখা দরকার। মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
স্থানীয় এক নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই ঘরে বিভিন্ন বয়সী ছেলেদের আনাগোনা দেখে তাঁরা আতঙ্কে থাকতেন। ঘরটি ভেঙে দেওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন। এ জন্য তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।
স্থানীয় বাসিন্দা জাহিদ হোসেন বলেন, পুলিশের এমন উদ্যোগ প্রশংসনীয়। প্রতিটি এলাকায় এভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হলে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান মোস্তফা বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানের পর ক্ষুব্ধ এলাকাবাসী মাদকের আখড়া হিসেবে পরিচিত ওই ছাপরা ঘরটি ভেঙে দেন। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।