বালিয়াকান্দিতে অন্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

লেখক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে জোরপূর্বক জমি দখল, অন্যের জমিতে চাষাবাদ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই সহোদরের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও জানমালের নিরাপত্তা চেয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সৌম দাস (৫০) নামে এক ব্যক্তি। গত সোমবার (৯ নভেম্বর) তিনি বালিয়াকান্দি থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে সৌম দাস উল্লেখ করেন, বিবাদী এসএম হাবিবুল্লাহ (৬০) ও মোঃ মিজান সেখ (৪৫) উভয়েই রায়পুর গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে তিনি, তাঁর মেজদা সৌরেশ চন্দ্র দাস এবং বড় ভাইয়ের ছেলে সঞ্জয় কুমার দাস বিবাদীদের কাছে বিএস ১২৯৫ ও ১৩০৭ নম্বর দাগে মোট ৫৬ শতাংশ জমি বিক্রি করেন। অভিযোগ অনুযায়ী, ১২৯৫ নম্বর দাগে ভোগদখলের জন্য জমি বুঝিয়ে দেওয়া হলেও পরবর্তীতে বিবাদীরা ১৩০৭ নম্বর দাগে আরও ১৯ থেকে ২০ শতাংশ জমি জোরপূর্বক দখলে নেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১ নভেম্বর সকাল ১০টার দিকে বিবাদীরা তাঁর অপর ভাইয়ের পৈতৃক চাষাবাদকৃত জমিতে প্রভাব বিস্তার করে জোরপূর্বক চাষাবাদ শুরু করেন। এ সময় প্রতিবাদ জানালে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং খুন-জখমসহ প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেওয়া হয়।
অভিযোগকারী আরও দাবি করেন, বিবাদীদের মধ্যে একজন জেলা প্রশাসকের কার্যালয়ে কানুনগো পদে কর্মরত এবং চাকরির প্রভাব খাটিয়ে এলাকায় জমিজমা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে হয়রানি করেন। এ বিষয়ে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় নিজের জমি ও জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিযোগকারী সরেজমিন তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।