

স্টাফ রিপোর্টার : প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সাদা কাগজে দাপ্তরিক সিল ব্যবহার করে ১০৪ জন গ্রাহকের কাছ থেকে দেড় কোটি টাকা আত্নসাতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা।
বুধবার (১১ নভেম্বর) সকালে রাজবাড়ীর কোর্ট চত্তরের প্রবেশ পথে ঘন্টাব্যপী মানববন্ধন কর্মসুচী পালন করেন ভুক্তভোগীরা। পরে সেখান থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী গ্রাহক সফিক, সোনালী সরকার, ফরিদা পারভীনসহ অনেকে।
এ সময় ভুক্তভোগীরা বলেন, রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার বিকাশ চন্দ্রসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় লেটার রাইটার শিহাব মৃধা পোস্ট অফিসে আগত গ্রাহকদের সঞ্চয় হিসাব খোলার নামে বিভিন্ন সময়ে সাদা স্লিপের মাধ্যমে ১০৪ জন গ্রাহকের কাছ থেকে দেড় কোটি টাকা নিয়ে সরকারী কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করে।
এ ঘটনায় গত ৩০ জুলাই ভূক্তভোগী গ্রাহকদের পক্ষে নাছরিন আক্তার বাদী হয়ে রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টার বিকাশ চন্দ্রসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে আসামীদের ৭ জন আদালতের কাছে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। ৬ আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে আদালতের বিচারক। বাঁকি আসামীদের অবিলম্বে গ্রেপ্তার ও টাকা ফেরত দেওয়ার জোর দাবি জানান বিপদে পরা গ্রাহকেরা।
জানাগেছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাজবাড়ী প্রধান ডাকঘরে আমানত জমাকারী ১০৪ জন গ্রাহক প্রতারিত হন। তৎকালীন পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র সহ অন্যান্যদের যোগসাজসে লেটার রাইটার শিহাব গ্রাহকদের সাদা স্লিপ দিয়ে টাকা জমা রাখলেও সেই টাকা জমা হয় নাই পোস্ট অফিসের কোষাগারে। বিষয়টি জানাজানি হলে আত্মগোপনে যান অভিযুক্তরা। পরবর্তীতে ভুক্তভোগী গ্রাহক ও ডাক বিভাগের পক্ষ থেকে পৃথক দুইটি মামলা করা হয়।
