নবায়নযোগ্য জ্বালানির নতুন অধ্যায় : বালিয়াকান্দিতে ৬ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের নেট মিটারিং উদ্বোধন

লেখক:
প্রকাশ: ১০ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। প্রথমবারের মতো ৬ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের নেট মিটারিং কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে এলাকায় পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনার এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে অবস্থিত চৌধুরী এগ্রো টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব উদ্যোগে স্থাপিত এ আধুনিক সৌরবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী গোলাম আহম্মদ। এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) মোঃ হাসানুল বান্না , বালিয়াকান্দি পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোঃ আল মামুন সবুজ, চৌধুরী এগ্রো টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরহাদ চৌধুরী এবং প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ প্রকল্পের অন্যতম বিশেষত্ব হলো নেট মিটারিং সুবিধা। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজস্ব সৌরবিদ্যুৎ উৎপাদন করে প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার করতে পারবে এবং উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় সরবরাহ করতে পারবে। ফলে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ের পাশাপাশি প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।
বর্তমান সময়ে জ্বালানি সংকট, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সৌরবিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ বিকল্প। সেই বাস্তবতায় বালিয়াকান্দির মতো একটি উপজেলায় এ ধরনের আধুনিক প্রযুক্তির সফল বাস্তবায়ন স্থানীয় শিল্প ও ব্যবসা-বাণিজ্যের জন্য নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
চৌধুরী এগ্রো টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এ উদ্যোগ শুধু একটি ৬ কিলোওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনা নয়; এটি স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব শিল্পায়নের পথে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এ উদ্যোগের মাধ্যমে বালিয়াকান্দি উপজেলার অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সাধারণ মানুষও সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত হবেন। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হলে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় এবং জাতীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
বালিয়াকান্দির মাটিতে এ উদ্যোগের মধ্য দিয়ে একটি বার্তাই প্রতিষ্ঠিত হলো পরিচ্ছন্ন জ্বালানি শুধু ভবিষ্যতের স্বপ্ন নয়, সঠিক উদ্যোগ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্তমানেই তার বাস্তবায়ন সম্ভব। এ প্রতিষ্ঠানটি ১.৫ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে।