
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমরান শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোঃ হাচেন শেখের ছেলে।
বুধবার (১১ নভেম্বর) বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে বালিয়াকান্দি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াকান্দি থানার এসআই কাঞ্চন মিয়া ও এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোসাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোঃ হাচেন শেখের ছেলে ইমরান শেখের বসতবাড়ির শয়নকক্ষ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য ৫ হাজার ৭০০ টাকা। এ ঘটনায় ইমরান শেখকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
