
আনোয়ার হোসেন/সোহেল খান : রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রাজবাড়ী ২ আসনের এমপি হারুন-অর রশিদ হারুন। বিক্ষোভ মিছিলটি বালিয়াকান্দি সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে শহরের জিরো পয়েন্ট মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ। অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ভুঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মসিউল আজম চুন্নু, সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল,বালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর মনিরুজ্জামান বাবু প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বালিয়াকান্দি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
