বালিয়াকান্দিতে সৎ ভাইদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী ব্যক্তির জমি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগ

লেখক:
প্রকাশ: ১০ ঘন্টা আগে

‎বালিয়াকান্দি প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে মানসিক প্রতিবন্ধী আব্দুল মান্নানের জায়গা-জমি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর সৎ ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় সম্পত্তি হারানোর আশঙ্কায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় রয়েছেন আব্দুল মান্নান।
‎জানা যায়, হুলাইল গ্রামের মনসুর মল্লিকের ছেলে আব্দুল মান্নান একজন মানসিক প্রতিবন্ধী। তাঁর সৎ ভাই খোরশেদ মল্লিক, জব্বার মল্লিক ও মোয়েন মল্লিক বিভিন্ন সময়ে তাঁর জায়গা-জমি নিজেদের নামে লিখে নেওয়ার পাঁয়তারা ও চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আব্দুল মান্নানের মানসিক অবস্থার সুযোগ নিয়ে তাঁকে দিয়ে জমি-জমা সংক্রান্ত দলিল বা প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর কিংবা টিপসই নেওয়ার চেষ্টা করা হতে পারে। এতে তাঁর পৈতৃক বা নিজস্ব সম্পত্তির অধিকার ক্ষুন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
‎স্থানীয়দের মতে, একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তির সম্পত্তির অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাঁর অসহায়ত্বের সুযোগ নিয়ে কেউ যেন কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার আশ্রয় নিতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।
‎ভুক্তভোগী আব্দুল মান্নানের সম্পত্তির অধিকার সুরক্ষা, জমির কাগজপত্র যাচাই এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে উপজেলা প্রশাসন, ভূমি অফিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
ভুক্তভোগী আব্দুল মান্নান বলেন, আমাকে ডেকে নিয়ে যায় রেজিষ্ট্রি অফিসে। আমি বুজতে পারি আমার কাছ থেকে জমি রেজিষ্ট্রি করে নিবে। পরে আমি সেখান থেকে কৌশলে কাউকে কিছু না বলে পালিয়ে আসি। এরআগে আমার কাছ থেকে ২ শতাংশ জমি রেজিষ্ট্রি করার কথা বলে ৪শতাংশ জমি লিখে নিয়েছে। আমাকে কোন টাকা না দিয়ে একটি ফোন কিনে দিয়েছে। আমার ভাগের অংশ জমি ইটভাটার মালিকের কাছে বন্দুক রেখেছে। ওই টাকা আমাকে দেয় না। আমার জমি তারা নানা ভাবে লিখে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে।
‎এ বিষয়ে অভিযুক্ত খোরশেদ মল্লিক, জব্বার মল্লিক ও মোয়েন মল্লিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে খোরশেদ মল্লিক বলেন, তিনি যে অভিযোগটি করেছে তার সম্পূর্ণই মিথ্যা। তবে আমরা রেজিষ্ট্রি অফিসে গিয়েছিলাম আমাদের কিছু ওয়ারিশের জমি ছিল, বিক্রি করতে। সেটি ভাইয়ের মধ্যে বনিবনা না হওয়ায় রেজিষ্ট্রি অফিস থেকে চলে এসেছি। উনার কাছ থেকে জমি লিখে নিব এমন কোন কিছু নয়।