
আদম আলী : কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে চর এলাকার কৃষক-কৃষাণীদের নিয়ে দিনব্যাপী আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)’-এর আওতায় রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় কালুখালী উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাইমুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন চর এলাকার কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের বীজ নির্বাচন, সঠিক মাত্রায় সার ও বালাইনাশক প্রয়োগ, মাটির স্বাস্থ্য রক্ষা এবং ফসলের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কলাকৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কম খরচে অধিক ফলন পাওয়া সম্ভব। চর এলাকার মাটি ও আবহাওয়ার উপযোগী ফসল চাষ করলে এ অঞ্চলের কৃষকরা অর্থনৈতিকভাবে আরও বেশি লাভবান হবেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষক-কৃষাণীরা জানান, আধুনিক চাষাবাদ সম্পর্কে অর্জিত এই জ্ঞান তাদের ভবিষ্যৎ কৃষিকাজে ব্যাপক উপকারে আসবে।
