
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আগুন সন্ত্রাস, নাশকতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে মাঠে নেমেছে বিএনপি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সড়ক, মহাসড়ক ও গুরুত্বপুর্ণ হাট-বাজার এলাকায় নেতাকর্মীরা অবস্থান নেওয়ার পাশাপাশি সতর্ক রয়েছেন।
রিকসা চালক সুজন হোসেন বলেন, আমরা কোন অশান্তি চাই না। এইযে সবাই সরকারী অফিস, যানবাহন, বাড়ী-ঘর পুড়িয়ে দেয় ক্ষমতার লোভে, এতে আমাদের লাভ কি? আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ।
শ্রমজীবি মোঃ ইসলাম বলেন, সাধারণ মানুষ আমরা, খেটে খাই, কোন নাশকতা চাই না। শান্তিতে বসবাস করতে চাই। কেউ অপরাধ করলে আমরা তাকে আইনের আওতায় আনতে সহযোগিতা করবো।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, বেশির ভাগ সন্ধ্যার পর থেকে নাশকতা সৃষ্টির চেষ্টা করে। এ কারণে আমরা ছাত্রদল মোটরসাইকেল টহল সহ তাদের প্রতিহত করতে মাঠে আছি। আইন নিজের হাতে তুলে না নিয়ে আমরা প্রশাসনকে সহযোগিতা করবো। সকল নেতাকর্মীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচি সফল করার পাশাপাশি নাশকতা প্রতিরোধে মাঠে রয়েছি। বুধবার বিকেলে জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় আমাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি দেওয়া হয়েছে। নেতাকর্মীরা মাঠে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহযোগিতা করবেন।
রাজবাড়ী জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল বলেন, যুবদল সব সময় মাঠে ছিল, এখনো আছে। আমরা জেলা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি নাশকতা করলে তাদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আইন নিজের হাতে তুলে নিবো না। আমরা রাজনৈতিক ভাবেই আগুন সন্ত্রাসীদের প্রতিহত করবো। আমরা নিয়মিত সকলে ঐক্যবদ্ধ ভাবে বিক্ষোভ মিছিলের পাশাপাশি মাঠে আছি। বুধবার বিকেলে বিক্ষোভের আয়োজন করা হয়েছে।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশিদ বলেন, গোপালগঞ্জসহ সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে। আমরা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ সকল সংগঠন আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে মাঠে থাকবো।
তিনি আরও বলেন, আমাদের মানবিক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডে ওয়ান থেকে কাজ শুরু করেছেন। সেদিন থেকেই পতিত আওয়ামীল ফ্যাসিবাদ ও তাদের দোষররা ষড়যন্ত্র শুরু করেছে। গোপালগঞ্জে তারা যে তান্ডব লীলা চালিয়েছে আমরা চাইলে সারা বাংলাদেশে তাণ্ডব লীলা করতে পারি। আমাদের প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি পালন করতে, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী ও সাধারণ ভোটারদের বলতে চাই আসুন সহাবস্থানে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাই। আপনারা যদি কোন প্রকার অরাজকতা করার চেষ্টা করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিহত করবে। তিনি বলেন, জ্বালাও পোড়াওয়ের সাথে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না। তবে যারা নিরিহ জ্বালাও পোড়াওয়ের সাথে জড়িত নয় তারা শান্তিতে বসবাস করবেন। কারো উস্কানীতে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করতে নেতাকর্মীদের সতর্কতার সাথে থাকার আহবান জানানো হয়েছে।
তিনি বলেন, নাশকতা সৃষ্টিকারীদের প্রতিহত করতে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল সহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে মাঠে থাকবে। কেন্দ্রীয় কর্মসূচি পালনের পাশাপাশি বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা জেলা পর্যায় থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, নাশকতা প্রতিরোধে জেলা থেকে ওয়ার্ড ও গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের নেতাকর্মীরা সজাগ রয়েছেন। কোন প্রকার নাশকতা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না। আমরা শান্তিপুর্ণ রাজবাড়ীকে শান্তিতে রাখতে চাই। গণগ্রেপ্তার নয়, অপরাধীকে গ্রেপ্তারে বিশ^াসী আমরা। অপরাধ করলে পুলিশ তাদের গ্রেপ্তার করবে।
রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, আমরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৪ ঘন্টা কাজ করছি। ইতিমধ্যে ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশী কার্যক্রম জোড়দারের পাশাপাশি বিট অফিসারদের মুঠোফোন নম্বর সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়া হচ্ছে। এতে সহজেই কোন ঘটনা পুলিশ অবহিত হওয়ার পাশাপাশি দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। ৫টি থানা পুলিশ একযোগে কার্যক্রম পরিচালনা করছেন।
