
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মৌসুমে শুরু হয় মানুষের শ্রম বেচাকেনার হাট। শ্রমিকরা দূরদূরান্ত থেকে গোয়ালন্দ রেলস্টেশনে এসে অপেক্ষা করেন। এই সুযোগে গৃহস্তরা সেখান থেকে বেছে নেন শ্রমিক। যাদের কাজ থাকে না স্টেশনের বারান্দায় রাত কাটান তবে অনেকে বয়স্ক শ্রমিক পছন্দ করেন না তাদের বাজার মূল্য কম হয় বা বেকার থাকতে হয়।
আধুনিক যুগে গোয়ালন্দে শনিবার ও বুধবার বসে মানুষ বেচাকেনার হাট। আমরা সবাই জানি গরু, ছাগল, কাঁচা বাজারের হাট, কাপড় বাজারের হাট, পেঁয়াজ-রসুনের হাট, পাট ওধানের হাট হয়ে থাকে। কিন্তু এমন একটি হাটের কথা আমরা কেউ জানি না। সেটি হলো মানুষ বিক্রি ব্যতিক্রমী হাট।
অবাক হলেও সত্য। গোয়ালন্দে রেলস্টেশন প্ল্যাটফর্মের উপর এমন এক ব্যতিক্রমী হাট বসে, যেখানে বেচাকেনা হয় শ্রমজীবী মানুষ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে দিনমজুররা নিজেদের শ্রম বিক্রি করতে শক্তির ভিত্তিতে।
সরেজমিন ঘুরে জানা গেছে, জীর্ণ পোশাকে আর ব্যাগ হাতে সেখানে রয়েছে শ্রমজীবী মানুষরা, নিজের দরদাম করছে। নিম্ন আয়ের মানুষ দু’বেলা রুটি-রুজির জন্য প্রতিদিন ভোর ও সন্ধ্যায় হাজির হন গোয়ালন্দ প্ল্যাটফর্মে। শনিবার ও বুধবার সকাল থেকেই হাটে আসতে থাকে শ্রমজীবী মানুষ। সারাদিনই হাটে বিক্রি হয় এ সকল শ্রমজীবী মানুষ।
দীর্ঘদিন ধরে এই হাটে শ্রমজীবী মানুষের বেচাকেনা হয়ে আসছে। কখনো ভালো দামে নিজেকে বিক্রি করে, আবার কখনো নিম্ন দামে বিক্রি হয়, কখনো আবার হতাশ হয়ে ফিরে যেতে হয় বাড়িতে। কেউ আবার ঋণের দায়ে বাড়িতে যেতে চায় না। তারা স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে দিন-রাত কাটায়, কখন যেন নিজেকে বিক্রি করতে পারেন। কাছে টাকা না থাকায় কোন রকম চিরা, রুটি, কলা এগুলো খেয়েই প্ল্যাটফর্মে রাত্রিযাপন করে থাকে শ্রমজীবী মানুষ।
বুধবার (১৮ নভেম্বর) গোয়ালন্দ শ্রম বাজারে গিয়ে দেখা যায় অনেকেই অপেক্ষায় আছেন তাদের শ্রম বিক্রির আশায়। পেয়াজ লাগানোর মৌসুম থাকায় সবাই এখানে এসেছে। অনেকেই ইতিমধ্যে চলে গেছে বাকীরা দিনের শেষ সময় অপেক্ষায় আছে সাথে শীতের তীব্রতা বাড়ায় তাদের দুঃশ্চিতার ছাপ ফেলেছে। বিক্রি না হলে ঋণের টাকা পরিশোধ কীভাবে হবে, পরিবার কিভাবে চালাবেন—দুশ্চিন্তায় বসে আছে তারা। যে দামে নিজেকে বিক্রি করার কথা ছিল, সে দামে বিক্রি করতে পারছে না, ফলে হতাশা আরও বেড়েছে। কেউ বিক্রি না হলে হতাশা নিয়ে বাড়িতে ফিরবেন, কেউবা ঋণের চাপে বাড়িতে যাবে না, প্ল্যাটফর্মে রাত্রিযাপন করবেন। কেউ পাশের আবাসিক হোটেলে অল্প টাকায় রাত কাটাবেন।
শ্রমজীবী আকবর শেখ জানান, “এই হাটে লোক লাগবে ১০০, সেখানে হয়েছে ৫শত এর বেশি। তারপর শ্রমের দাম ৮০০ থেকে ১০০০ টাকা। যদি নিজেকে বিক্রি করতে না পারি, বাড়িতে যাওয়া হবে না। পানাদাররা এসে টাকা চাইবে। তাই বাড়িতে যাচ্ছি না। আশেপাশের কোনো বোর্ডিংয়ে থাকবো। কাল সকালে যদি নিজেকে বিক্রি করতে পারি, কয়েকদিন কাজ করে টাকা নিয়ে বাড়িতে ফিরবো।”
আকাশ শেখ, মোস্তাক, লিয়াকত, কাশেম বলেন, কুষ্টিয়া, কুমারখালী, বালিয়াকান্দি, খোকসা, রাজশাহী, দিনাজপুর, চুয়াডাঙ্গা, জীবননগরসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন ও প্রতি হাটে আসে শত শত শ্রমিক। কেউ আসে পেঁয়াজ রোপন করতে, কেউ আসে মাটি কাটতে, কেউ আসে রসুন রোপন করতে, কেউ আসে ধান কাটতে। তাদের কাজের ধরন অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা হয় ৭০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। কেউ চাইলে ৫ দিন, ১০ দিন, ১৫ দিন, ২০ দিন বা ১ মাস পর্যন্ত চুক্তিতে কাজ করতে পারেন।
এবিষয়ে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক প্রভাষক ও কবি আওয়াল আনোয়ার বলেন, শ্রম বেচাকেনার প্রথা অতি প্রাচীন কাল থেকে চলে আসছে। গোয়ালন্দ পদ্মা পাড়ে গড়ে উঠা একটি প্রাচীন শহর। কৃষি এলাকা হওয়ায় এখানে সবসময় শ্রমিক সংকট থাকে তাই দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ শ্রম বিক্রির জন্য এখানে আসে বিশেষ করে দরিদ্র শ্রেণির মানুষ বেশি আসে।
