
মাসুদ রেজা শিশির : নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চলমান নৈরাজ্যের প্রতিবাদে শক্ত ভাবে অবস্থান নিয়ে মহাসড়কে অবস্থান করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার সকাল থেকেই রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের শিয়ালডাঙ্গী থেকে গান্দিমারা দুর্গাপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদের নেত্বতে মহাসড়কে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিয়ে মিছিল করেছে।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ বলেন, দিন- রাত আমরা মহাসড়কে অবস্থান করেছি। যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে আমরা প্রস্তুত। দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছি।
এ সময় পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজাসহ পাংশা -কালুখালীর বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
