দেড় মাস পর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক

লেখক:
প্রকাশ: ৭ minutes ago

মেহেদী হাসান : টানা ৪২ দিন বন্ধ থাকার পর দক্ষিণাঞ্চলের সাথে উত্তরাঞ্চলের যোগাযোগের সহজ মাধ্যম রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার বেলা সাড়ে বারোটার সময় ফেরি ক্যামেলিয়ার ট্রায়াল যাত্রার মধ্য দিয়ে এ নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গত ১২ অক্টোবর পদ্মার তীব্র নাব্যতা সঙ্কটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের অনুরোধে ১৯ অক্টোবর থেকে ড্রেজিং কার্যক্রম শুরু করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যার শেষ হয় ২৪ নভেম্বর। ড্রেজিং কার্যক্রম শেষ হওয়ায় বুধবার থেকে ফেরি চলাচল করানোর সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটের ব্যবস্থাপক এম এ নেওয়াজ সিবলী বলেন, প্রায় দেড় মাস বন্ধ থাকার পর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটের ফেরি চলাচল ট্রায়াল যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে। নদীতে নতুন করে কোন সমস্যা তৈরি না হলে এই চলাচল স্বাভাবিক থাকবে। এখন থেকেই এই নৌরুটে যাত্রীদের আর কোন ভোগান্তি হবে না।