
আদম আলী : ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মেনে চলি, মৎস্য সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে অবৈধ জাল ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ আহরণের কুফল সম্পর্কে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বিলশ্যাম ছন্দপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর স্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সমাবেশে বক্তারা চায়না দুয়ারি, কারেন্ট, বেড়, ভেসাল, চাঁই, চরঘেরা, বেহুন্দি, মশারি ও ৬.৫ সেন্টিমিটারের কম ফাঁসের জাল এবং বৈদ্যুতিক শকসহ বিভিন্ন অবৈধ উপায়ে মাছ ধরার ভয়াবহ দিকগুলো তুলে ধরেন। তারা জানান, এসব ক্ষতিকর পদ্ধতি ব্যবহারের ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে এবং পোনা ও জলজ জীববৈচিত্র্য ধ্বংস হয়ে দেশীয় মৎস্য সম্পদ চরম হুমকির মুখে পড়ছে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সবাইকে মৎস্য আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলটের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, রাইপুর কে.এস.এম একাডেমির শিক্ষক কোরবান আলী, উপজেলা মৎস্য দপ্তরের রিপন বিশ্বাস ও মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
