
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর আলোচিত বনি আমিন পান্না হত্যাকাণ্ডের ৩২ বছর পূর্ণ হলো ২৭ নভেম্বর। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পার হয়ে গেলেও এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার।
১৯৯৪ সালের ২৭ নভেম্বর কলেজে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে নিহত হন তৎকালীন তরুণ বনি আমিন পান্না। তার স্মৃতি রক্ষার্থে পরবর্তীতে রাজবাড়ী শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্টের নামকরণ করা হয় পান্না চত্বর।
হত্যাকাণ্ডের ৩২তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) পরিবারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বনি আমিন পান্নার বড় ভাই রুহুল আমিন হীরা বলেন, দীর্ঘ ৩২ বছরের বিচারহীনতার সংস্কৃতির কথা তুলে ধরে ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি উল্লেখ করেন, “১৯৯৪ সালের এই দিনে কলেজে যাওয়ার পথে গুলি করে হত্যা করা হয় পান্নাকে। আজ এই হত্যাকাণ্ড ও বিচারহীনতার ৩২ বছর পূর্তি। মহান আল্লাহ তায়ালার কাছে পান্নার আত্মার মাগফেরাত ও তার ভুলত্রুটি ক্ষমার জন্য দোয়া কামনা করছি।
রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পান্না চত্বর আজও জেলার মানুষের কাছে বনি আমিন পান্নার স্মৃতি বহন করে চলেছে। তবে স্থানীয় সচেতন মহল ও পরিবারের সদস্যদের দাবি, কেবল চত্বরের নামকরণের মাধ্যমেই যেন তার স্মৃতি সীমাবদ্ধ না থাকে বরং দীর্ঘদিনের এই বিচারহীনতার অবসান ঘটিয়ে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
