কালুখালীতে বিএনপির জনসমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালীতে আয়োজিতব্য জনসমাবেশ সফল করতে প্রস্তুতিমূলক সভা করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় রাজবাড়ী শহরের গোয়ালন্দ মোড়ে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে রাজবাড়ী সদর উপজেলা, রাজবাড়ী পৌর, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ নভেম্বর) কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া। সভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মজিবর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন গাজী, সদস্য সচিব মোঃ মজিবুর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন। এ ছাড়া উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মোল্লা এবং গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদসহ রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা এবং পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় আসন্ন জনসমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা এবং সমাবেশ সুশৃঙ্খলভাবে আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নেতৃবৃন্দ জনসমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।