
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দে একটি ইজিবাইকে থাকা নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।
এ সময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিন ও গুলিবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। সেই সাথে জব্দ করা হয়েছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানাধীন উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় বেড়িবাঁধের পাকা সড়কে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুরের সদরপুর থানার শ্যামপুর ( মটকচর ) এলাকার দবির উদ্দিনের ছেলে ও প্রাইভেট কারের চালক জুয়েল উদ্দিন (২৩), একই থানার আমিরাবাদ এলাকার আঃ আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান পৌর এলাকার ২৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার শেখের ছেলে রাতুল শেখ (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইকারী চক্রের ছয় সদস্য একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩২-০৮২৪) ও একটি ইয়ামাহা মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে চারজন প্রাইভেট কারে এবং দুজন মোটরসাইকেলে ছিল। এ সময় ফরিদপুর থেকে গোয়ালন্দগামী একটি ইজিবাইকে থাকা নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।
ইজিবাইকে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রাইভেট কারে থাকা দুজন ও মোটরসাইকেলে থাকা একজনসহ মোট তিনজনকে আটক করে। পরে তাদের গণধোলাই দেওয়া হয় বলে জানা গেছে।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজিব শিকদার, এসআই মধুসূদন সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কার এবং আটক তিনজনকে পুলিশের হেফাজতে নিয়ে থানায় আনা হয়।
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পরে তাদের শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
