

স্টাফ রিপোর্টার : রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে রিশাদ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার অভিভাবক না থাকায় রাজবাড়ী রেলওয়ে থানার এসআই আওলাদ হোসেন শুক্রবার রাজবাড়ী জেলা প্রশাসকের নিকট ময়না তদন্ত শেষে আঞ্জুমান-ই মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের জন্য আবেদন করেছেন।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ীর কালুখালী ও পাংশা উপজেলার সীমান্তবর্তী কালিকাপুর রেলব্রিজ অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিশাদ খুলনা জেলার বটিয়াঘাটা থানার বাসিন্দা। সে তার বন্ধু ইয়াসিনের (১৩) সঙ্গে ট্রেনে ও বিভিন্ন রেলস্টেশনে বাদাম-বুট বিক্রি করত।
রিশাদের বন্ধু ইয়াসিন জানায়, গত বৃহস্পতিবার সকালে বাদাম-বুট সংগ্রহের উদ্দেশ্যে তারা মধুমতী এক্সপ্রেস ট্রেনে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় তারা ট্রেনের ছাদে অবস্থান করছিল। ট্রেনটি কালিকাপুর রেলব্রিজ অতিক্রম করার সময় রিশাদ সেতুর সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ১১টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিফাত জান্নাত বলেন, বেলা ১১টার দিকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় রিশাদ নামের এক কিশোরকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার এসআই আওলাদ হোসেন বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতী এক্সপ্রেস ট্রেনে রাজবাড়ীর কালুখালী ও পাংশা উপজেলার সীমান্তবর্তী কালিকাপুর রেলব্রিজ অতিক্রম করার আঘাত লেগে অজ্ঞাতনামা (১৪) বয়সী কিশোর নিচে পড়ে যায়। তাকে পাংশা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়। শুক্রবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। তার কোন অভিভাবক না পাওয়ায় জেলা প্রশাসকের নিকট ময়না তদন্ত শেষে আঞ্জুমান-ই মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের জন্য আবেদন করা হয়েছে।
