বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রাজনীতির অধিকার নেই: আইনমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দলের দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিস্যাৎ হতে দেওয়া হবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে সরকার বদ্ধপরিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মোট ৯৫ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন আইনমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।