
সিরাজুল ইসলাম : ঐতিহ্যবাহী রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্যদের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর সারে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার উন্নয়ন, সম্ভাবনা, বিদ্যমান সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন নবাগত ইউএনও সাইফুল হুদা।
সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের ক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু সিকদার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি গণেশ পাল, নয়া দিগন্ত প্রতিনিধি মেহেদুল আক্কাস,
দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আকতার হোসেন, দৈনিক সংবাদ প্রতিনিধি শেখ রাজিব, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি উদয় কুমার দাস, ডেইলি অবজারভার প্রতিনিধি সিরাজুল ইসলাম, আমার দেশ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি পারভেজ রহমান, প্রেজেন্ট টাইম প্রতিনিধি জাকির হোসেন বাবুল, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিব, দৈনিক দিনকাল প্রতিনিধি আক্তারুজ্জামান রনি, সময়ের কন্ঠস্বর উপজেলা প্রতিনিধি সাব্বির খান সোহাগ প্রমূখ।
মতবিনিময়কালে সাংবাদিকরা গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, পদ্মা নদীর বালু মহল, দৌলতদিয়া পোড়াভিটা এবং তথ্য সরবরাহ সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং জনসেবার মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন তারা।
নবাগত ইউএনও সাইফুল হুদা বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও গণমাধ্যম পরস্পরের সহযোগী হিসেবে কাজ করলে জনগণের সমস্যা দ্রুত চিহ্নিত করা এবং তার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব।”
তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শকে গুরুত্ব দিয়ে গোয়ালন্দ উপজেলার উন্নয়নে কাজ করতে চান তিনি।
উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে ইউএনও বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় সড়ক সংস্কারসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া যে কোন কাজের তথ্য প্রেরন করতে তার কোন সমস্যা নেই। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করেন তিনি।
