রাজবাড়ীতে ১লক্ষ টাকার চেককে ঘষামাজা করে ১০ লক্ষ টাকা করায় বাদী কারাগারে
লেখক:
প্রকাশ: ১ ঘন্টা আগে
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে এনআই এ্যাক্টের মামলায় জালিয়াতির মাধ্যমে ১লক্ষ টাকার চেককে ঘষামাজা করে ১০ লক্ষ টাকা করায় অভিযোগে মামলার বাদী বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালতে উপস্থিত ওই বাদী বাবু সেখ (৪০) কে রাজবাড়ী সদর থানায় সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বুধবার (২৯ জুলাই) রাজবাড়ীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হায়দার আলীর আদালতে সদর আমলী আদালতের সিআর-১৩৫৫/২০২৫ মামলার তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হলে এ আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার বাসিন্দা মোঃ বাবু সেখ ২০২৫ সালের ৩ নভেম্বর দ্য নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় ডলি আক্তারের বিরুদ্ধে একটি নালিশী মামলা দায়ের করে। আদালতের নির্দেশে সিআইডি রাজবাড়ী মামলাটির বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দাখিল করে।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, মামলার বাদী মোঃ বাবু সেখ আদালতে স্বীকার করেন যে, ১লক্ষ টাকার চেক ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে ১০ লক্ষ টাকা করা হয়েছে।
আদালতে দাখিল করা ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ডলি আক্তারের নামে ইস্যুকৃত গত ৯ এপ্রিল ২০২৫ তারিখের চেক (নং-গঝঅ ০১৫৩৯৩৮) পর্যালোচনা করে আদালত দেখতে পায়, চেকে কথায় লেখা “এক” শব্দটি পরিবর্তন করে “দশ” লেখা হয়েছে এবং অঙ্কে ১,০০,০০০ টাকার ডান পাশে একটি শূন্য যোগ করে ১০,০০,০০০ টাকা করা হয়েছে, যা আইনত দন্ডনীয় অপরাধ। প্রকাশ্য আদালতে জিজ্ঞাসাবাদের সময় মোঃ বাবু সেখ ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এ প্রেক্ষিতে আদালত মোঃ বাবু সেখের বিরুদ্ধে আইন অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে আগামী ৩ আগস্ট মধ্যে আদালতকে অবহিত করার জন্য রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশ দেন। একই সঙ্গে আদালতে উপস্থিত মোঃ বাবু সেখকে রাজবাড়ী সদর থানায় সোপর্দ করার আদেশ দেওয়া হয়।
এছাড়া মামলার আদেশের অনুলিপি, মূল চেক এবং সিআইডির তদন্ত প্রতিবেদন রাজবাড়ী সদর থানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য ৩রা আগস্ট নির্ধারণ করেছে আদালত।
আদালতের আদেশের পর গত ২৯ জুলাই বাবু সেখকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত বাবু শেখ রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার সামসু শেখের ছেলে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, আদালতের নির্দেশে আসামী বাবু শেখকে কোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জাতিয়াতির মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।