রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে মারধর ও শ্লীলতাহানির মামলায় ৩জন গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী শহরের বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের ৩য় তলায় আস্থা পোশাক শিল্প সাথে কাপড় ব্যবসায়ীদের বিরোধকে কেন্দ্র করে মারধর ও শ্লীলতাহানি রঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী পৌরসভার ধূঞ্চি ১নং ওয়ার্ডের মৃত জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), ১নং ওয়ার্ড ধুঞ্চি ২৮ কলোনী এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রুবেল হোসেন (১৯) ও পৌরসভার ৮নং ওয়ার্ড ধূঞ্চি গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ হেলাল উদ্দিন (৩৮)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মামলা দায়ের ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ।
তিনি বলেন, রাজবাড়ী সদর থানার বিনোদপুর বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের ৩য় তলায় জাকিয়া সুলতানার ‘আস্থা পোশাক শিল্প’ নামীয় প্রতিষ্ঠানের পূর্ববর্তী কর্মচারীর সাথে প্রাতিষ্ঠানিক হিসাব সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট দুপুর সাড়ে ১২টার সময় বড় বাজারের সামনের রাস্তায় জাকিয়া সুলতানা ও তাঁর কর্মীরা প্রতিবাদী মানববন্ধনের প্রস্তুতি নিলে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এ হামলায় জাকিয়া সুলতানা ও তাঁর কর্মীদের এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে এবং শ্লীলতাহানি ঘটায়। এ ঘটনায় প্রেক্ষিতে জাকিয়া সুলতানা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করাসহ ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করে রাজবাড়ী সদর থানায় এজাহার দায়ের করে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মামলা রুজু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনার প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানা পুলিশ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ হেলালউদ্দিন, মোঃ আব্দুল্লাহ আল সিয়াম খান, মোঃ রুবেল হোসেনদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।