বালিয়াকান্দিতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জয়েনউদ্দিন শেখ (৭৫) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী গ্রামের নিজ বাড়ির গোয়ালঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত জয়েনউদ্দিন শেখ পাটকিয়াবাড়ী গ্রামের মৃত তালেব শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অসুস্থতাজনিত নানা যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের সদস্যদের ধারণা।
পরিবারের সদস্যরা জানান, রাতের কোনো একসময় তিনি বাড়ির গোয়ালঘরে চলে যান। ভোরে পরিবারের লোকজন তাঁকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁর মেজো ছেলে হাবিবুর রহমান গোয়ালঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয়রা বিষয়টি বালিয়াকান্দি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানার এসআই সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
বালিয়াকান্দি থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।