
স্টাফ রিপোর্টার : মেধাবী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে রাজবাড়ীতে শিক্ষা বৃত্তি প্রদান ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ফয়েজুন্নেসা দাখিল মাদ্রাসা এ অনুষ্ঠানের আয়োজন করে।
মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম মিয়া বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষাজীবনকে গতিশীল করতে জেলা পরিষদ সর্বদা পাশে থাকবে।” তিনি শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, গভর্নিং বডির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এই সহায়তার জন্য জেলা পরিষদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
