
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলা ও আঞ্চলিক সড়কগুলোতে কোনো ধরনের ঢাকনা বা ত্রিপল ছাড়াই খোলা ট্রাকে অবাধে বালি পরিবহন করা হচ্ছে। এর ফলে বাতাসে বালি উড়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, মোটরসাইকেল চালক এবং সাধারণ যাত্রীদের। বিশেষ করে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ, দৌলতদিয়া ফেরিঘাট এলাকা এবং কালুখালী, বালিয়াকান্দি, পাংশা ও রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকাসহ বিভিন্ন সড়ক দিয়ে প্রতিদিন শত শত খোলা ট্রাক বালি নিয়ে যাতায়াত করছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন চাতাল ও ঘাট থেকে বালি বোঝাই করে ট্রাকগুলো বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। বালি পরিবহনের নিয়ম অনুযায়ী ট্রাকের ওপর ত্রিপল দিয়ে ঢেকে রাখার কথা থাকলেও অধিকাংশ চালকই তা মানছেন না। তীব্র বাতাসে ট্রাক থেকে বালি উড়ে পেছনে থাকা মোটরসাইকেল চালক ও পথচারীদের চোখে-মুখে ঢুকছে। এতে একদিকে যেমন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, অন্যদিকে হঠাৎ চোখে বালি ঢুকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
ভুক্তভোগী এক মোটরসাইকেল চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “খোলা বালি ট্রাকের পেছনে গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়েছে। হঠাৎ করে চোখে বালি এসে পড়ায় সামনের কিছুই দেখা যায় না। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, শুধু মহাসড়কই নয়, গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলোতেও একই অবস্থা। বালি ও ধূলিকণার কারণে রাস্তার পাশের বাড়িঘর ও দোকানপাটেও বসা দায় হয়ে পড়েছে।
জনসাধারণের এ ভোগান্তি দূর করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
