
স্টাফ রিপোর্টার : পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ৬ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে নৌরুটে নাব্যতা সংকটের কারণে দ্রুত ড্রেজিং করা না হলে আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির ধাওয়াপাড়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম।
তিনি জানান, উজান থেকে হঠাৎ প্রবল বেগে পানি নেমে আসায় পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যায়। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গত ৫ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিট থেকে ১০ অক্টোবর পর্যন্ত এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
রবিবার সকাল ১১টা ১০ মিনিটে ধাওয়াপাড়া থেকে নাজিরগঞ্জের উদ্দেশে একটি পরীক্ষামূলক ফেরি চালানো হয়। এ সময় নৌরুটে তীব্র নাব্যতা সংকটের বিষয়টি সামনে আসে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জরুরি ভিত্তিতে ড্রেজিং করা না হলে যেকোনো সময় ফেরি সার্ভিস আবারও বন্ধ হয়ে যেতে পারে।
মোঃ রবিউল ইসলাম বলেন, এ নৌরুটে ড্রেজিংয়ের জন্য গত ২২ সেপ্টেম্বর বিআইডব্লিউটিএর ড্রেজিং ইউনিট, আরিচা বরাবর চিঠি পাঠানো হয়েছে।
এর আগে, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ১৬ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর গত ২২ সেপ্টেম্বর এ রুটে ফেরি সার্ভিস পুনরায় চালু করা হয়েছিল। কিন্তু চালুর কয়েক দিনের মধ্যেই আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন এ পথে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকেরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ নৌরুটে পর্যাপ্ত ফেরি না থাকায় পারাপার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাদের মতে, নদীতে তীব্র স্রোতের পাশাপাশি ফেরি পরিচালনায় অন্যান্য সমস্যাও রয়েছে।
