গোয়ালন্দে ফিটনেস বিহীন গাড়িতে বিআরটিএ ও প্রশাসনের অভিযান

লেখক:
প্রকাশ: ৮ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সামনে ঢাকা খুলনা মহাসড়কে ফিটনেস বিহীন ও অতিরিক্ত পণ্য বোঝাই করে সড়ক ক্ষতিগ্রস্ত করা এবং ঝুঁকিপূর্ণভাবে যান চালানোর অভিযোগে ৫ ট্রাক চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান। অভিযানে সড়ক পরিবহন আইনে চার ট্রাকচালককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে রাজবাড়ী-কুষ্টিয়া ও ঢাকা-খুলনা মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়া ঠেকাতে এ অভিযান চালানো হয়। অসাধু চালক ও ব্যবসায়ীরা গভীর রাতে ওজন স্কেল ব্যবহার করে অতিরিক্ত পণ্য পরিবহন করে থাকেন এমন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন পণ্যবাহী ট্রাকগুলোতে অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত পণ্য পরিবহনের প্রমাণ পাওয়া যায়। পরে সড়ক পরিবহন আইনে একটি ট্রাককে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে চালকদের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। তবে চালক জরিমানার টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয়।
অভিযান বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান বলেন, সড়কে যাত্রী বাড়লে কিছু অননুমোদিত গাড়ি বেড়ে যায় এবং এই কারণে রাস্তায় দূর্ঘটনা বৃদ্ধি পায়। এছাড়া অতিরিক্ত পণ্য পরিবহনের ফলে একদিকে যেমন সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বাড়ছে। সড়ক নিরাপদ রাখতে এবং সরকারি সম্পদ সুরক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।