বালিয়াকান্দিতে চিহ্নিত মাদক ডিলার ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

লেখক:
প্রকাশ: ২০ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর এলাকায় মাদকের বিস্তার রোধ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষার দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় সাধারণ জনগণ। চিহ্নিত মাদক ডিলার অপু (৩৪), তার অন্যতম সহযোগী আরিফুল (৩০) ও তাদের সংবদ্ধ সন্ত্রাসী বাহিনীর অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) চরফরিদপুর এলাকাবাসীর আয়োজনে বালিয়াকান্দি উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গ্রামের সর্বস্তরের মানুষ, ব্যবসায়ী, তরুণ ও স্থানীয় সচেতন নাগরিকরা ব্যানার হাতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে চরফরিদপুর মসজিদ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, “আমাদের এলাকাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে হবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক কারাবারিদের কোনো ছাড় দেওয়া যাবে না।”
হাজী মোঃ সাদেক আলী বলেন, “মাদক ও সন্ত্রাসীদের কোনো দল নেই। তারা সমাজের শত্রু। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকাকে অপরাধমুক্ত রাখতে এদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।” মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব জিকাত শেখ, সাজ্জাদ শেখ সহ অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, এ চক্রটির কারণে এলাকার শান্ত পরিবেশ নষ্ট হচ্ছে এবং তরুণ প্রজন্ম মাদকের দিকে ঝুঁকছে।
এলাকায় মাদকবিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে গত ২১ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় মমিন নামের এক সক্রিয় মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় সচেতন জনতা। ওই ঘটনার পর থেকেই এলাকার প্রধান মাদক ডিলারদের চিহ্নিত করে স্থায়ী সমাধানের দাবিতে মাঠে নেমেছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
পরে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ এলাকাবাসীকে আশ^স্থ করেন, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় হবে না। কোন দল বিবেচনা করা হবে না।